জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, \"আমরা ভোট চাইতে আসিনি, এসেছি উন্নয়ন ও গণমানুষের কথা বলতে। যারা ভালো কাজ করবে, যোগ্য, সৎ এবং নির্ভরযোগ্য—তাদেরকেই নেতা হিসেবে বেছে নিন, সে যেই দলেরই হোক।\"
শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রংপুর থেকে রাজধানী পর্যন্ত চার লেন প্রকল্পের দীর্ঘসূত্রতা তুলে ধরে বলেন, “এই একটি প্রকল্পের আট থেকে দশ বছরেও কাজ শেষ না হওয়াই প্রমাণ করে, উত্তরাঞ্চলের মানুষ কতটা অবহেলিত।”
সারজিস আলম বলেন, “বড় বড় রাজনৈতিক দলের নেতারা এলাকার উন্নয়নের চেয়ে নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষমতা নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। নিজেদের লাভ-লোকসানের হিসাবেই সীমাবদ্ধ থেকেছেন তারা।”
গোবিন্দগঞ্জ চিনিকলের জমিতে ইপিজেড স্থাপন নিয়ে তিনি বলেন, “এটা গোবিন্দগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। ইপিজেড এ অঞ্চলের অর্থনীতি বদলে দিতে পারে। যারা এই প্রকল্পে বাধা দেবে, তাদের দল-মত নির্বিশেষে প্রতিহত করতে হবে। উন্নয়নই হোক মূল লক্ষ্য।”
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ব্যক্তি স্বার্থ নয়, আগে জেলা ও উপজেলার স্বার্থ। এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চায়।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা, নাজমুল হাসান, কেন্দ্রীয় সংগঠক ফিহাদুর রহমান ও সম্রাট শেখ।
প্রশাসনের উদ্দেশে সারজিস আলম বলেন, “গত ১৬ বছরে দলীয়করণের ফলে প্রশাসনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের। আপনাদের পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করতে হবে।”
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n
পথসভা শেষে সারজিস আলম গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া, ফুলছড়ির কালিরবাজার, গাইবান্ধা শহরের পৌরপার্ক, পলাশবাড়ীর শহীদ মিনার, সাদুল্লাপুরের ধাপেরহাট শহীদ মিনার এবং সুন্দরগঞ্জের স্বাধীনতা চত্বরে আরও কয়েকটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।





